দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিনটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাকে এক ছাতার নিচে এনে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ডি থ্রি ট্রফি’ নামের এই প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের আসর, বিসিএলের ওয়ানডে প্রতিযোগিতা এবং জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা আজ সন্ধ্যায় দেবে বিসিবি।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের নাম ও লোগো উন্মোচনের পাশাপাশি অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজ উদ্যোগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি বাছাই করে তাদের কাছে প্রস্তাব দিয়েছেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রিকেটে বিনিয়োগের আগ্রহ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। বিপিএলের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টুর্নামেন্টটি পরিচালনার পরিকল্পনা করেছে বিসিবি।
টুর্নামেন্টে ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন, এসকেএমি এবং সেভেন রিং সিমেন্ট অংশ নিতে পারে বলে জানা গেছে। নাবিল গ্রুপও দল নেওয়ার আগ্রহ দেখিয়েছে।
জাতীয় ক্রিকেট লিগ শেষ হওয়ার পর শুরু হবে ডি থ্রি ট্রফি। আগামী ১২ ডিসেম্বর টি-টোয়েন্টি আসর দিয়ে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর হবে বিসিএলের ওয়ানডে প্রতিযোগিতা। সবশেষে অনুষ্ঠিত হবে বিসিএলের চার দিনের আসর। বরিশাল দিয়ে টুর্নামেন্ট শুরু হয়ে ফাইনাল হবে মিরপুরে।
বাণিজ্যিকভাবে লাভজনক আয়োজনের পাশাপাশি ক্রিকেটারদের আর্থিকভাবে লাভবান করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। টুর্নামেন্টের ব্যয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক আগেভাগে নিয়ে তা নির্ধারিত কাঠামো অনুযায়ী পরিশোধ করা হবে। এজন্য গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হবে। অন্যান্য খরচও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরিচালনার কথা রয়েছে।
তিনটি ঘরোয়া প্রতিযোগিতাকে এক প্ল্যাটফর্মে এনে গোছানো আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। সন্ধ্যার আনুষ্ঠানিক ঘোষণায় টুর্নামেন্টের বিস্তারিত কাঠামো ও অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো সম্পর্কে আরও তথ্য জানা যাবে।
এমএম/